সুয়ারেসকে শুরুর ম্যাচেই পাচ্ছে বার্সেলোনা

হাঁটুর চোট কাটিয়ে উঠেছেন। খেলতে কোনো সমস্যা নেই বলে পেয়েছেন ডাক্তারি নির্দেশনাও। ফের লা লিগা শুরু হওয়ার আগে তারকা খেলোয়াড় লুইস সুয়ারেসকে নিয়ে এমন সুখবরই দিলো বার্সেলোনা।

করোনাভাইরাস সংকট পরবর্তী নিজেদের প্রথম ম্যাচে ১৩ জুন মায়োর্কার মুখোমুখি হবে বার্সেলোনা। ওই লড়াইয়েই নামতে পারবেন উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেস।

সুয়ারেস বার্সেলোনার হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন চলতি বছরের ৯ জানুয়ারি। হাঁটুতে অস্ত্রোপচারের কারণে এর পর থেকেই মাঠের বাইরে তিনি। করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে না গেলে চলতি মৌসুমে হয়তো আর মাঠে নামাই হতো না ৩৩ বছর বয়সী এই ফুটবলারের।

চোটে পড়ার আগ পর্যন্ত লা লিগায় ১৭টি ম্যাচ খেলে ১১টি গোল করেন সুয়ারেস। অবদান রাখেন ১৮টি গোলে।

এদিকে, করোনাভাইরাস কারণে লকডাউনের পর শনিবার প্রথমবারের মতো ক্যাম্প ন্যুতে দলবদ্ধভাবে অনুশীলন করেছে বার্সেলোনার খেলোয়াড়রা।

আলাদাভাবে অনুশীলন করেছেন বার্সার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। মাংসপেশির চোটে ভুগছেন তিনি। তবে মায়োর্কার বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড খেলবেন বলে আশা করা হচ্ছে।

টানা তিনবারের মতো লা লিগা শিরোপা জয়ের লড়াইয়ে আছে বার্সেলোনা। দুই পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষে আছে তারা। দ্বিতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।