করোনাভাইরাসের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রয়েছে আইপিএলের এবারের আসর। কবে মাঠে গড়াবে জনপ্রিয় এই লিগ, এখনো কোনো কিছুই নিশ্চিত নয়। এরই মাঝে খবর বেরিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এবারের আইপিএল। এ অবস্থায় এমিরেটস ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, তারা আইপিএল আয়োজনে আগ্রহী, যদি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চায়। সেই সাথে বিসিসিআই বরাবর প্রস্তাবও পাঠিয়েছে তারা।
আইপিএলের ১৩তম আসর নিয়ে অনেক ধরনের আলোচনাই আছে। অক্টোবর-নভেম্বরে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়, তবে সেই সময়ে আইপিএল আয়োজিত হওয়ার গুঞ্জনও রয়েছে।
বিসিসিআই নিজেদের মধ্যে আলোচনা করছে দেশে না বিদেশে, কোথায় আয়োজন করা হবে আইপিএল। সিদ্ধান্ত গ্রহণকারী পাঁচ সদস্যের মধ্যে দু’জন চাইছেন প্রয়োজনে ভারতের বাইরে অনুষ্ঠিত হোক ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের জনপ্রিয় এই আসর।
এর আগে ২০১৪ সালে আইপিএলের প্রথমার্ধের কিছু ম্যাচ সফলভাবে আয়োজন করেছিল আরব আমিরাত। সেই অভিজ্ঞতা থেকেই তারা দাবি করছে পুনরায় দায়িত্ব পেলে যথাযথভাবে আইপিএল আয়োজন করতে পারবে।
এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষে জেনারেল সেক্রেটারি মুবাশির উসমানি সংবাদ মাধ্যমকে বলেন, ‘অতীতে এমিরেটস ক্রিকেট বোর্ড সাফল্যের সঙ্গে আইপিএলের ম্যাচ আয়োজন করেছে। এ ছাড়া নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের বহু দ্বি-পাক্ষিক সিরিজ ও বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনেরও নজির রয়েছে। আমাদের স্টেডিয়ামগুলি যে কোনো ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত।’
উসমানি আরও জানিয়েছেন, তারা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে ইংলিশ ক্রিকেট মৌসুমের ম্যাচগুলি তাদের মাঠে নিরাপদে আয়োজনের জন্য। ভারত অথবা ইংল্যান্ড, যে কোনো বোর্ডই তাদের প্রস্তাব মেনে নিলে তারা খুশি হবেন বলে জানিয়েছেন তিনি।
আরব আমিরাত ছাড়াও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজন করতে আগ্রহের কথা জানিয়েছিল।
১০ জুন আইসিসির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কি সিদ্ধান্ত হয়, সেটির ওপর ভিত্তি করে হয়তো আইপিএল কর্তৃপক্ষও আসর আয়োজনে কোনো সিদ্ধান্তে পৌঁছাবে।