ডিসলাইক আর নেতিবাচক মন্তব্যে সয়লাব নোবেলের ‘তামাশা’

‘তামাশা’ নামের একটি গানের জন্য নেতিবাচক প্রচারণার আশ্রয় নিয়েছিলেন গায়ক নোবেল। গানটিকে প্রচারে আনতে দেশের কিংবদন্তিদের নিয়ে করেছেন বিরূপ মন্তব্য। নরেন্দ্র মোদিকে নিয়ে কথা বলে খেয়েছেন মামলা। ডাক পড়েছিল র‌্যাবের কার্যালয়েও। শেষ পর্যন্ত ক্ষমাও চেয়েছিলেন নোবেল। শুধু তাই নয়, গানটিতে নিজের স্ত্রীকে মডেল বানিয়েও জন্ম দিয়েছেন আলোচনার। কাঙ্ক্ষিত সেই গানটি মুক্তি পেয়েছে আজ।

তবে ‘তামাশা’ গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনরা ইউটিউবের কমেন্ট বক্স ভরিয়ে তুলেছেন নেতিবাচক মন্তব্যে। সমালোচনার পাশাপাশি দিয়েছেন ডিসলাইকও। লাইকের চেয়ে তিন গুন ডিসলাইক দেখা যাচ্ছে গানটিতে।

‘তামাশা’ গানটির কথা ও সুর করেছেন জিহান। সংগীত করেছে নোবেলম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরী। ভিডিও নির্মাতা নাজমুল হাসান।

প্রসঙ্গত, ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়্যালিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল। বেশ কিছুদিন ধরেই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় রয়েছেন এই গায়ক। প্রথমে বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করেন। অপরদিকে ২৫ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন ত্রিপুরার বিলোনিয়ার সুমন পাল। স্থানীয় বিলোনিয়া থানায় নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করা হয়েছে।