নোয়াখালীতে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জুর ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার রাত ৯টার দিকে রেডক্রিসেন্ট মার্কেটে অবস্থিত মঞ্জুর ঠিকাদারি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। গুলিতে কার্যালয়ের সাটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, গুলি অফিসের সাটার ভেদ করে দেয়ালে গিয়েও লেগেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
মঞ্জু জানান, তিনি শনিবার সন্ধ্যার আগেই অফিস বন্ধ করে বাসায় চলে যান। রাত সাড়ে ৯ টার দিকে অফিস এলাকা থেকে তাকে ফোন করে জানানো হয় ৮-১০টি মোটরসাইকেলে এক দল দুর্বৃত্ত তার অফিসে এলোপাতাড়ি গুলি করে চলে গেছে। এ সময় তার নাম ধরে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়। হামলাকারীদের চিৎকারে অফিস এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। তিনি জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির ঘটনার পর পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মঞ্জুর অফিসে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৩-৪ টি মোটরসাইকেলে হেলমেট ও মুখোশ পরিহিত ৮-৯ জন যুবক রাত ৯ টা ১৮ মিনিটের সময় মঞ্জুর কার্যালয় লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার বিকেল ৩ টা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।