করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বান্দরবান থেকে ঢাকায় আনা হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বান্দরবান সেনানিবাস হেলিপ্যাড থেকে মন্ত্রীকে নিয়ে বিমানবাহিনীর হেলিকপ্টারটি রবিবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকায় ঘাঁটি বাশারে অবতরণ করে। এরপর তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শৈমংচিং মারমা জানান, কয়েক দিন ধরে মন্ত্রীর জ¦র ও হালকা কাশি ছিল। তিনি বান্দরবানের বাসভবনে সীমিত আকারে দৈনন্দিন কাজকর্ম করেছেন। অন্য কোনো অসুস্থতা তার দেখা যায়নি।
তিনি জানান, মন্ত্রীর বড় ছেলে রবিন বাহাদুর বাবার সঙ্গে একই হেলিকপ্টারে ঢাকায় গেছেন। তবে মন্ত্রী বান্দরবানে থেকেই চিকিৎসা নিতে চাইছিলেন। তবে সরকারের উচ্চমহলের অনুরোধে ঢাকায় গেছেন।