রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে ইসরাত জাহান বৃষ্টি (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী সবুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, গতকাল রবিবার বিকেলে ঢাকা উদ্যান রোড-১, ব্লক-সি এলাকার একটি আধা পাকা টিনশেড ঘর থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, গত চার মাস আগে সবুজ ও বৃষ্টি স্বামী-স্ত্রী পরিচয়ে ঘরটি ভাড়া নেয়। আপাতত এ পর্যন্ত জানা গেছে। নিহত নারীর মুখে ফেনা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তার স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।