বর্ণবাদবিরোধী আন্দোলনের তীব্রতায় আপ্লুত আর্চার

আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যার ঘটনার পর বিশ্বজুড়ে যেভাবে বর্ণবাদবিরোধী আন্দোলন শুরু হয়েছে তা দেখে আপ্লুত ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার জোফরা আর্চার। আর্চার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে নিজের লেখা কলামে বলেছেন, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ‘বলিষ্ঠ কণ্ঠস্বর’ প্রমাণ করে এর পেছনে অনেক মানুষের সমর্থন আছে।

আমেরিকায় গত ২৫ মে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ হত্যা করার পর আন্দোলন শুরু হয়। করোনাকে উপেক্ষা করে সেই আন্দোলন দেশে-দেশ ছড়িয়ে পড়ছে।

ফ্লয়েড জাল নোট ব্যবহার করে সিগারেট কিনছিলেন কি না পুলিশ তা তদন্ত করতে গিয়ে তাকে আটক করে।

এক ভিডিওতে দেখা যায় একজন শ্বেতাঙ্গ পুলিশ তাকে গ্রেপ্তার করছেন এবং সেসময় ফ্লয়েডকে মাটিতে ফেলে বেশ কয়েক মিনিট ধরে তার হাঁটু দিয়ে গলা চেপে ধরে আছেন। ফ্লয়েড বারবার তাকে বলছেন, তিনি নিশ্বাস নিতে পারছেন না।

আরেকটি ভিডিওতে দেখা যায় আরও কয়েকজন পুলিশ তার গলায় হাঁটুচেপে ধরেছেন।

আমেরিকার পাশাপাশি গত বুধবার থেকে অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ব্রিটেনে বিক্ষোভ শুরু হয়।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার ক্যাম্পেইন নিয়ে মানুষ যেভাবে আওয়াজ তুলছে, তাতে আমি ভীষণ আনন্দিত,’ আর্চার লিখেছেন, ‘ব্যক্তি হিসেবে আমি সব সময় প্রতিবাদ করে গেছি। আমার ব্যক্তিগত মতামত হল কিছুই আপনার চেপে যাওয়া উচিত নয়।’

মাত্র সাতটি টেস্ট আর ১৪টি ওয়ানডে খেলে বিশ্বক্রিকেটে নিজের বিজয় পতাকা ওড়ানো আর্চার ব্রিটেনের বর্তমান পরিস্থিতির প্রশংসা করে বলেন, ‘আমরা এমন একটা দেশে বাস করি, আপনি ইংলিশ হলে অন্য যেকারো মতো খেলতে পারবেন।’

২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালের একটি ছবির কথা উল্লেখ করে আর্চার লিখেছেন, ‘একটা ছবি ছিল…আমার, জস বাটলার এবং আদিল রশিদের। জড়িয়ে ধরে বিশ্বকাপ জয়ের উদযাপন করছি আমরা। আমাদের দল সম্পর্কে  আপনার যা জানা প্রয়োজন তার সব কিছু এখানে বলেছি।’