কমলগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর বাজারে সোমবার সকাল ১১টায় আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। এত কমপক্ষে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অগ্নি নির্বাপক দল জানায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

জানা যায়, আদমপুর বাজারের রেজাউল মার্কেটে সোমবার সকালে আকস্মিকভাবে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় দ্রুত আগুন ৮টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মার্কেটের বাবুল মিয়ার মোদী দোকান, আব্দুল খালেকের কাপড়ের দোকান, মুন কম্পিউটার, মুন ফার্নিচার ও আব্দুল হকের মালের গোদাম সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার পর দ্রুত এলাকাবাসী কমলগঞ্জ উপজেলাস্থ অগ্নিনির্বাপক দলের কার্যালয়ে খবর দিলে খবর পেয়ে দ্রুত অগ্নিনির্বাপক দলটি ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানিরা দাবি করেন, তাদের ৩০ লক্ষাধিক টাকার উপরে ক্ষতি হয়েছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদির বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সৃষ্টি। ৮ দোকানে কমপক্ষে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।