‘করোনামুক্ত’ নিউজিল্যান্ডে মাঠে ফিরছেন দর্শকেরা

ফেব্রুয়ারির ২৮ তারিখের পর প্রথমবারের মতো ‘করোনাশূন্য’ (জিরো অ্যাকটিভ কেইস) হওয়া নিউজিল্যান্ডের ক্রীড়াপ্রেমীরা রাগবি স্টেডিয়ামে ঢোকার অনুমতি পেতে যাচ্ছেন। নিউজিল্যান্ড রাগবি (এনজেডআর) জানিয়েছে, ঘরোয়া রাগবি ইউনিয়ন টুর্নামেন্ট দেখার জন্য চলতি সপ্তাহের শেষ দিক থেকে সাধারণ মানুষ মাঠে যেতে পারবেন।

নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বিধিনিষেধ আনুষ্ঠানিকভাবে উঠিয়ে দেয়ার পরিকল্পনা চলছে। চূড়ান্ত ঘোষণা আসলেই শীর্ষ পাঁচটি দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দর্শক প্রবেশে কোনো ধরনের সীমা নির্ধারণ করা হবে না।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট ১ হাজার ৫০৪ জন করোনা রোগী পাওয়া যায়। এর মধ্যে ২২ জন মারা গেলেও বাকি ১৪৮২ জন সুস্থ হয়েছেন। দেশটি এখন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জনের করোনা পরীক্ষা করিয়েছে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড সোমবার বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, সবশেষ যে ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিনি এখন উপসর্গমুক্ত।

গোটা পৃথিবীতে নতুন এই রোগে ৪ লাখ ৬ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭০ লাখ ৮৬ হাজার ৮ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৯ হাজার ৯৭২ জন।