খুলনার দাকোপের উপজেলায় বাজুয়া মাঠে গরু চরানোকে কেন্দ্র করে দ্বন্দ্বে নীলোৎপল রপ্তান (২৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. ইমন গণপিটুনিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
নিহত নীলোৎপল স্থানীয় সুকুমার রপ্তানের ছেলে। গণপিটুনিতে নিহত ইমন স্থানীয় বাদল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গরু চরানোকে কেন্দ্র করে ইমনের সাথে বাকবিতণ্ডা হয় নীলোৎপলের। সেই বিবাদের সূত্র ধরেই মঙ্গলবার সকালে ইমন বাজুয়া এসএন ডিগ্রি কলেজ মাঠে নীলোৎপলকে ছুরিকাঘাত করে।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমনকে ধরে গাছে বেঁধে গণপিটুনি দেয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় দাকাপে থানা পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী বলেন, গরু চরানোর সূত্র ধরে কলেজ মাঠে ছুরিকাঘাতে নীলোৎপল নামে যুবক নিহত হয়েছে। এ ঘটনায় দোষী ইমনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দিয়েছে গ্রামবাসী। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তারও মৃত্যু হয়।