নওগাঁর পোরশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সরদার দেলোয়ার হোসেন দুখু (৪৫) নিহত হয়েছেন।
আটকের পর তাকে নিয়ে সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার বালিয়াচান্দা ফকিরের মোড় এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধ ঘটে।
এ সময় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন দুখু উপজেলার নিতপুর অনাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি নিতপুর যমুনা বাগানে বাস করতেন।
এ ব্যাপারে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে উপজেলার নিতপুর যমুনা বাগান এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যর ভিত্তিতে রাত সোয়া ৩টায় বালিয়াচান্দা ফকিরের মোড় এলাকায় তার সহযোগীদের আটক করতে গেলে সেখানে পূর্ব থেকে অবস্থানরত অপর ডাকাতরা পুলিশের উপর গুলি চালায়।
এ সময় পুলিশও আত্মরক্ষায় গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন দেলোয়ার হোসেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি হাসুয়া, ১টি রামদা, ১টি চাপাতী ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।