করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিলেটে কঠোর অভিযানে নেমেছে প্রশাসন। এজন্য গঠন করা হয়েছে বিশেষ টিম। এই টিমগুলো স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে।
মঙ্গলবার সিলেট নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় ২১টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় মাস্ক না পরায়, গণ পরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন করাসহ বিভিন্নভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ২৬৯টি মামলা দায়ের করা হয় এবং ১ লাখ ২০ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএইচএম মোস্তাফিজুর রহমান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন।
এদিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীতে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে পৃথক অভিযান চালানো হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা, মার্কেট- দোকানে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন থাকতে মেয়র সকলের প্রতি আহবান জানান। এসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ঝুঁকি বিবেচনায় সিটি করপোরেশনের মালিকানাধীন নগরীর বন্দরবাজারের হাসান মার্কেট, হকার্স মার্কেট ও লালদিঘিরপাড় মার্কেট আগামী এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মেয়র।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন প্রমুখ।