পুলিশে সংস্কার বিল ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা ঘিরে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর কংগ্রেসের ডেমোক্র্যাটরা পুলিশে আমূল সংস্কার আইনের প্রস্তাব এনেছেন। পুলিশের বর্বরতা, অসদাচরণ রুখে দেওয়া, ঘাড়ে চাপ প্রয়োগ নিষিদ্ধ করাসহ নাগরিক অধিকার ভঙ্গের ক্ষেত্রে জবাবদিহি ও বিচারের পথ সুগম করতে ‘জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট ২০২০’ শীর্ষক এ বিল এনেছেন ডেমোক্র্যাটরা।

গত ২৫ মে মিনেসোটার মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের বর্বরতার কারণেই প্রাণ হারিয়েছিলেন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এ ঘটনায় ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস সিটি কাউন্সিল গত রবিবার স্থানীয় পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর এবার ডেমোক্র্যাটরাও যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশ বিভাগে পরিবর্তন আনতে উদ্যোগী হলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি, সিনেটর কমলা হ্যারিস, সিনেট সংখ্যালঘিষ্ঠ নেতা চাক শুমারসহ আরও কয়েকজন ডেমোক্র্যাট নেতা সংস্কার বিলটি তৈরিতে কাজ করেছেন এবং গতকাল তারা এ বিল পেশ করেন। তবে তাদের এই ‘জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট’ রিপাবলিকান অধ্যুষিত সিনেটে সমর্থন পাবে কি না তা নিয়ে সংশয় আছে। কয়েকজন রিপাবলিকান নেতা তাদের নিজস্ব একটি বিল তৈরির চিন্তাভাবনা করবেন এমনটিও বলেছেন বলে জানিয়েছে বিবিসি। যেহেতু রিপাবলিকান শিবিরেও পুলিশি বর্বরতা রুখতে সংস্কার আনার পক্ষের সিনেটররা রয়েছেন, ফলে ডেমোক্র্যাটদের বিলটি পাস না হলেও প্রতিনিধি পরিষদে এ নিয়ে উত্তেজনা হবে, এমনটা আশঙ্কা করা হচ্ছে।

ডেমোক্র্যাটদের সংস্কার বিলটিতে পুলিশ বিভাগ পুরোপুরি ভেঙে ফেলা নয় বরং পুলিশের কাজের ক্ষেত্রে নতুন নীতিমালা এবং প্রশিক্ষণ কর্মসূচি নিতে বলা হয়েছে। বিনা বিচারে কাউকে হত্যা করাকে ফেডারেল আইনে অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। পুলিশের অসদাচরণের ঘটনা নথিভুক্ত করে রাখার ব্যবস্থা করা এবং কোনো ঘোষণা না দিয়ে পুলিশি অভিযান চালানো নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। যেসব স্থানীয় পুলিশ বাহিনী এসব বিধি মেনে চলবে না তাদের জন্য ফেডারেল তহবিল বরাদ্দ বন্ধেরও আহ্বান জানানো হয়েছে বিলে। হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, বিলটি নিয়ে আগামী কয়েক সপ্তাহে হাউজে শুনানি এবং ভোট হবে। হাউজে বিলটি পাস হবে বলেই আস্থা প্রকাশ করেছেন ডেমোক্র্যাটিক নেতারা। আমেরিকার সমাজে ‘বর্ণবাদের বিষ’ ছড়িয়ে গেছে মন্তব্য করে সিনেট সংখ্যালঘিষ্ঠ নেতা চাক শুমার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আইনটিকে বাস্তবে রূপ দিতে সিনেটের ডেমোক্র্যাটরা সর্বশক্তি দিয়ে লড়বেন।’