সাতক্ষীরায় মানববন্ধন

উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে ওই স্মারকলিপি দেওয়া হয়। 

মানববন্ধনে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম বলেন, সম্প্রতি সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে। ঝড়ে শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

মানববন্ধন থেকে আগামী ১৫ জুন মানববন্ধনসহ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ ও বক্তব্য দেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার হাসানুর ইসলাম, সিপিবি নেতা কমরেড আবুল হোসেন, জাসদের পাপিয়া আহমেদ প্রমুখ।