গাজীপুরে নৈশপ্রহরীকে বেঁধে একটি মার্কেটের কয়েকটি দোকানে ডাকাতির ঘটনায় আট ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে লুট হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গত ১৬ মে জয়দেবপুর থানার বেগমপুর এলাকায় রহমত আলী সুপার মার্কেটে (রাজশাহী মার্কেট) একদল ডাকাত মার্কেটের নৈশপ্রহরী ও এক পথচারীর হাত-পা বেঁধে মার্কেটের বিভিন্ন দোকান থেকে ৪ লাখ ৯৪ হাজার টাকা, ৩৩টি মোবাইল ফোনসেট, ৫ ভরি ১০ আনা স্বর্ণ, ২৯০ ভরি রুপা, শাড়ি, লুঙ্গি, টিভিসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা হলে গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে বিভিন্ন স্থান থেকে ডাকাতির ঘটনায় জড়িত আসামি বাবুল মাল (৪৬), মুনসুর ফকির (২৬), শফিকুল (৪৮), আকরাম (২৮), হৃদয় ওরফে হাবিল (২৫), নাজমুল (৩০), মজিবুর রহমান (৪৫) ও আবদুল্যাহ আল মামুনকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা একটি পিকআপসহ মালামাল উদ্ধার করা হয়।