করোনায় ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউপি চেয়ারম্যান হাজি আব্দুল হাই মুন্সী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ মে আব্দুল হাইকে হার্টের সমস্যা ও শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করলে পরীক্ষায় তা পজিটিভ আসে।

কচুয়া উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ জানান, আব্দুল হাই মুন্সি করোনায় আক্রান্ত ছিলেন। ঢাকা থেকে লাশ এলে স্বাস্থ্যবিধি মেনে আব্দুল হাই মুন্সির দাফন সম্পন্ন করা হবে। এ নিয়ে উপজেলায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, নরসিংদীর বেলাবতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফজলু মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত সোমবার দিনগত রাতে উপজেলার বারৈচা গ্রামের নিজ বাড়িতে আইসোলেশন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফজলু মিয়া বারৈচা বাজারে সবজির ব্যবসা করতেন।