গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আকরাম শরীফ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে জানাজা শেষে শহরের নবীনবাগস্থ পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আকরাম শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
করোনা শনাক্ত হওয়ার পর গত ২৯ মে তিনি হাসপাতালে ভর্তি হন।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জে এই পর্যন্ত ৩০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২ জন ও মুকসুদপুর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩৭ জন সুস্থ হয়েছে।
আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪৫ জন, কোটালীপাড়া উপজেলায় ৫৪ জন, কাশিয়ানী উপজেলায় ৮৮ জন ও মুকসুদপুর উপজেলায় ৭৩ জন। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে ৩০ জন।