দিনাজপুরের হাকিমপুরে হিলিতে করোনার উপসর্গ নিয়ে সাহেব আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। সম্প্রতি ওই বৃদ্ধ ও তার পরিবার ঢাকার সাভার থেকে এসেছিল। এদিকে তার নমুনা পরিক্ষায় নেগেটিভ আসলেও তার ছেলে মিলন হোসেন (৩০) এর করোনা পজিটিভ শনাক্ত হয়।
বুধবার সকাল ৮টায় তার নিজ বাড়িতে মৃত্যুবরন করেন তিনি। তাদের বাড়ি হিলির জাংগই গ্রামে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে দুপুরে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নাজমুস সাঈদ বলেন, সম্প্রতি দশদিন আগে সাহেব আলী নামের ওই ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার সাভার থেকে হিলির জাংগই গ্রামে তার নিজ বাড়িতে আসেন। এসময় তার করোনার উপসর্গ- জ্বর সর্দি ছিল। সংবাদ পেয়ে পরেরদিন আমরা তার ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে গত সপ্তাহে পরিক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলাম। বুধবার সকাল ৮টায় সাহেব আলি তার নিজ বাড়িতে মৃত্যুবরন করেছেন। পরে সকাল ১১টার দিকে নমুনা পরিক্ষার ফল আসলে তাতে সাহেব আলীর নেগেটিভ আসে তবে তার ছেলে মিলনের পজিটিভ শনাক্ত হয়। সাহেব আলী সিকিউরিটি গার্ডের, ছেলে ঢাকায় রিক্সা চালাতেন। তার স্ত্রী ঝিয়ের কাজ করতেন। ইতোমধ্যেই সাহেব আলীর বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে সরকারি নির্দেশনা মোতাবেক স্বেচ্ছাসেবী সদস্যদের দিয়ে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পাদন করা হয়েছে।