জেলা প্রশাসনের উদ্যোগে মানিকগঞ্জ বাস টার্মিনালে স্থাপন করা হয়েছে স্থায়ী জীবানুনাশক টানেল। বুধবার দুপুরে টানেলের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, জেলা ট্রাক-কাভার্ড ভ্যান-লরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল।
উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, সরকারী নির্দেশনায় কিছু শর্তসাপেক্ষে সীমিতভাবে গণপরিবহন চলাচল শুরু করেছে। যাত্রীসাধারণকে করোনার সংক্রমণের ঝুঁকিমুক্ত করতেই অধিক লোকসমাগমের এলাকাগুলোতে জীবানুনাশক টানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ লাইন, জেলা কারাগার, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদসহ ৮টি স্থানে টানেল বসানো হয়েছে।