বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন চায় বাসদ

গতানুগতিক এবং আমলা প্রণীত বাজেট নয়, করোনা দুর্যোগকালে বাজেটে জনগণের আকাক্সক্ষার প্রতিফলন দেখতে চায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল বুধবার  বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান। 

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, ‘গতানুগতিক ও আমলা প্রণীত বাজেট নয়, করোনা দুর্যোগের এই সময়ে বাজেটে জনগণের আকাক্সক্ষার প্রতিফলন দেখতে চাই। দুর্নীতিবান্ধব মেগা প্রকল্প, অপচয়মূলক বিলাসী প্রকল্প, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা কমানো, দামি গাড়ি, আপ্যায়ন, বিদেশ ভ্রমণ ব্যয় কমিয়ে কৃষি, স্বাস্থ্য, জনসুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে এই করোনা দুর্যোগ মোকাবিলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাজস্ব আয় বাড়ানোর জন্য করপোরেট ট্যাক্স বাড়ানো, ধনীদের অধিক হারে করারোপের নীতি গ্রহণ, আয় বেশি তো কর বেশি এই নীতি গ্রহণ করতে হবে। কালো টাকা সাদা করা নয় বরং অপ্রদর্শিত আয় বাজেয়াপ্ত করা এবং পাচারকৃত টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।’