আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটে রাজস্ব আয় বাড়াতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এর মধ্যে গাড়ি একটি অন্যরকম খাত হিসেবে ধরা হচ্ছে।
বাজেটে ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনে অগ্রিম আয়কর বাড়ানো হচ্ছে। এতে গাড়ি রেজিস্ট্রেশনের খরচ বাড়বে।
অবশ্য বিত্তশালীদের নানা করছাড়ও দেওয়া হচ্ছে। তবে সম্পদ কর বা সারচার্জ অপরিবর্তিত থাকছে।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে প্রাইভেটকার মালিকদের সিসিভেদে গাড়ি রেজিস্ট্রেশন বা রি- রেজিস্ট্রেশনের সময় অগ্রিম আয়কর দিতে হয়। যেমন ১৫০০ সিসির কম ক্ষমতাসম্পন্ন গাড়ির অগ্রিম কর ১৫ হাজার টাকা ধার্য আছে।
১৫০০ থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ৩০ হাজার টাকা, ২০০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত ৫০ হাজার টাকা, ২৫০০ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ৭৫ হাজার টাকা, ৩০০০ থেকে ৩৫০০ সিসি পর্যন্ত ১ লাখ টাকা, ৩৫০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে ১ লাখ ২৫ হাজার টাকা এবং মাইক্রোবাসের জন্য ২০ হাজার টাকা আয়কর দিতে হয়।
আগামী বাজেটে সব ধরনের গাড়ির অগ্রিম কর বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে ১৫০০ সিসির কম ক্ষমতাসম্পন্ন গাড়ির জন্য ২৫ হাজার, ১৫০০ থেকে ২০০০ সিসি পর্যন্ত ৫০ হাজার টাকা, ২০০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত ৭৫ হাজার টাকা, ২৫০০ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ১ লাখ ২৫ হাজার টাকা, ৩০০০ থেকে ৩৫০০ সিসি পর্যন্ত ১ লাখ ৫০ হাজার টাকা, ৩৫০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে ২ লাখ টাকা এবং মাইক্রোবাসের জন্য ৩০ হাজার টাকা অগ্রিম আয়কর ধার্য করা হচ্ছে।