চাঁদপুরে ডিবির ২৯ সদস্যকে একযোগে বদলি

চাঁদপুর জেলা পুলিশে ব্যাপক রদবদল শুরু হয়েছে। ইতিমধ্যে দুই বছর অতিবাহিত হওয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ২৯ সদস্যকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান।

পুলিশ বিভাগে স্বচ্ছতা, জবাবদিহি ও কর্মক্ষেত্রে আরও বেশি একাগ্রতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলিদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের ৬ এসআই, ৫ এএসআই ও ১৮ জন কনস্টেবল রয়েছেন। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে গোয়েন্দা পুলিশের দায়িত্ব পালন করে আসছিলেন। এই ধারাবাহিকতায় ভবিষ্যতে জেলার আটটি থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যেও রদবদল করা হবে। এ নিয়ে অনেক পুলিশ সদস্যই আতঙ্কের মধ্যে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে চাঁদপুর ডিবি পুলিশে বছরের পর বছর এসব এসআই, এএসআই, কনস্টেবলরা পদ আঁকড়ে ছিলেন। অন্য কোনো স্থানে বদলি করা হলেও ঘুরেফিরে অনেকেই আবার ফিরে এসেছেন ডিবি অফিসে। এ ব্যাপারে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, চাঁদপুরের পুলিশ বিভাগকে ঢেলে সাজাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।