ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশন সেন্টার থেকে ‘পালিয়ে’ যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত কেফায়েত উল্লাহ (৩৮) ফিরে এসেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় স্বেচ্ছায় তিনি আইসোলেশন সেন্টারে ফিরে আসেন। কেফায়েত জেলার সরাইল উপজেলার টিঘর গ্রামের বাসিন্দা। ‘না বুঝে’ আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গিয়েছিলেন বলে জানান তিনি।
গত রবিবার আইসোলেশন সেন্টার থেকে চলে যান কেফায়েত। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করে সেন্টার কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ইনজামামুল হক সিয়াম বলেন, তিনি ভুলে না বুঝে চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পর তিনি কোথায়-কোথায় ছিলেন সেই তথ্য নিয়ে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে। নিয়ম অনুযায়ী তাকে আবারও আইসোলেশন সেন্টারে ভর্তি করে দেওয়া হয়েছে।