করোনাভাইরাসের কারণে মাঠে ফুটবল না থাকলেও ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসিরা ঠিকই আলোচনায় থেকেছেন। জুভেন্তাসের পর্তুগিজ তারকা রোনালদো তো নেতিবাচক খবরেও শিরোনাম হয়েছেন। নিজ দেশে লকডাউন আইন ভেঙে অনুশীলন করে সমালোচিত হতে হয় সি আর সেভেনকে। আর এবার সিরি আ শুরুর ক’দিন আগে আবারো বিতর্কে রোনালদো।
ইতালি ছেড়ে এক ঝটিকা সফরে পর্তুগালে উড়ে গিয়েছিলেন রোনালদো। যেখানে তাকে সোশ্যাল ডিসটেন্স নিয়ম ভাঙতে দেখা যায়।
রোনালদো তার বান্ধবী জর্জিনা রডরিগেজকে সঙ্গে নিয়ে লিসবনে নিজের প্রিয় এক রেস্টুরেন্টে গিয়েছিলেন। রেস্টুরেন্ট মালিকের সঙ্গে তাকে ছবি তুলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠতে শুরু করে।
রোনালদো লিসবনে মার দো ইনফারনো কাসকাইস রেস্টুরেন্টে উপস্থিত হন, যেখানে এর আগেও তাকে ছেলের সঙ্গে দেখা গিয়েছে। রেস্টুরেন্টের মালিক মারিয়ার সঙ্গে ছবিও তোলেন সিআর সেভেন। ছবিতে দু’জনকে এতটাই কাছাকাছি দেখা যাচ্ছে যে, প্রশ্ন ওঠা স্বাভাবিক পারস্পরিক দূরত্ববিধি নিয়ে।
টেবিলে বসা ছাড়া বাকি সময়ে পর্তুগালের বার ও রেস্টুরেন্টে মাস্ক পরা বাধ্যতামূলক। মারিয়া মাস্ক পরে থাকলেও রোনালদোকে ছবিতে মাস্ক ছাড়া দেখা যায়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।