শরীয়তপুরের ভেদরগঞ্জে ৯ বছরের শিশুর যৌনাঙ্গে সুতা বেঁধে নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। গ্রেপ্তার রিপন মুন্সী (৪৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৩৫) ছয়গাঁও ইউনিয়নের কাজলকোর্ট গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে কলহের জেরে ওই দম্পতি নির্যাতনের ঘটনা ঘটায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতাও মিলেছে। এজন্য অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। গত ২৩ মে রাত সাড়ে ৮টার দিকে টিভি দেখার কথা বলে শিশুটিকে ডেকে নেন রিপন ও শেফালী। পরে তাদের ঘরে নিয়ে শিশুটির যৌনাঙ্গে সুতা বেঁধে নির্যাতন চালান। এ সময় শিশুটিকে মেরে ফেলার ভয় দেখান তারা। ফলে কাউকে বিষয়টি জানায়নি শিশুটি। পরে গত ৮ জুন রাতে যৌনাঙ্গ ফুলে ব্যথা শুরু হলে বিষয়টি তার বোনকে জানায় ওই শিশু। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান পরিবারের সদস্যরা। এরপর গত বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় মামলা করেন।