মানববন্ধন, বিক্ষোভ মিছিল

মুকসুদপুরে ভ্যান চালক হত্যার বিচার দাবি

গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্যানচালক শাজাহান শেখ হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাঘদী ইউনিয়নবাসী।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে রাঘদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধন চলাকালে নিহত শাজাহান শেখের স্ত্রী পিঞ্জিরা বেগম, ছেলে সোহাগ শেখ, পুত্রবধূ লাইজু বেগম, ফাহিমা বেগম ও এলাকাবাসী আনোয়ার হোসেন শেখ বক্তব্য দেন। এ সময় বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।