মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়ায় গতকাল বৃহস্পতিবার সকালে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে ইসরাইল মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইসরাইল শ্রীপুরের বারইপাড়া গ্রামের রোস্তম মোল্যার ছেলে।
শ্রীপুুুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্কাস আলী জানায়, ১০টার দিকে খামারপাড়া গোরস্থান মোড় এলাকার পল্লী চিকিৎসক মোহন মোল্যার বাড়ির গাছ থেকে আম পাড়তে ওঠে ইসরাইল। একপর্যায়ে ইসরাইলের হাতে থাকা কাঁচা কঞ্চি পাশের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে সে বিদ্যুতায়িত হয়ে সেখানেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ইসমাইলের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, নেত্রকোনার মদনে নিজ গ্যারেজে চার্জ দেওয়া ইজিবাইকের লাইন খুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন গ্যারেজ মালিক আতিকুল ইসলাম (২৫)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মদন পৌরসভার দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আতিকুল পৌরসভার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।