ঝালকাঠিতে নতুন ৪ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ৩

ঝালকাঠিতে নতুন করে আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে মোট ৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।

এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত জেলায় কভিড ১৯ এ আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জন হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন।

আক্রান্তদের মধ্যে জেলার রাজাপুর উপজেলায় ১৫ জন, কাঠালিয়া উপজেলায় ৯ জন, নলছিটি উপজেলায় ২৩ জন, ঝালকাঠি সদর উপজেলায় ২৮ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাঠালিয়া উপজেলায় একজন ও নলছিটি উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে।

জেলার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় সূত্রে এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ঝালকাঠি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ১১৭৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে ১০২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

এর মধ্যে ৯৩৮ জনের রিপোর্ট নেগেটিভ এং ৭৫ জনের দেহে করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া গেছে। করোনা আক্রান্তদের মধ্যে থেকে এখন পর্যন্ত হোম আইসোলেশনে থেকে ৩৭ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে আক্রান্ত ৩৮ জনের মধ্যে একজন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে একজন এবং বাকিরা সবাই বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

ঝালকাঠি সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, আমরা জেলায় এখন পর্যন্ত যত জনের নমুনা পরীক্ষা করিয়েছি তার মধ্যে ১৫৫ জন বাদে সবার রিপোর্ট এসেছে। যার মধ্যে ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সবার তথ্য সিভিল সার্জন কার্যালয়ে নেই। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে তিনজন ছাড়া বাকি দুই জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।