শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় বিভিন্ন কারখানায় অব্যাহত শ্রমিক ছাঁটাই, নির্যাতন, মামলা-হামলা বন্ধ করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর যৌথ উদ্যোগে সাভার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজার সামনে কর্মসূচী পালন করেন তারা।
সমাবেশ থেকে বক্তারা বলেন, করোনাকে পুঁজি করে বিভিন্ন পোশাক কারখানার মালিক বিনা কারণে অন্যায়ভাবে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করেই ছাঁটাই করছে। এর মধ্যে আশুলিয়ার রেজা ফ্যাশনস লিমিটেডে তিন শতাধিক, মেডলার এ্যাপারেলস লিমিটেডে ২৪৫ জন, স্টারলিং ক্রিয়েশন কারখানায় দুই শতাধিক, ভিনটেজ গার্মেন্টসে ৪০ জন শ্রমিককে তাদের পাওনা পরিশোধ না করেই ছাঁটাই করা হয়েছে।
এছাড়া রেজা ফ্যাশন ও মেডলার এ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ প্রায় আটশত শ্রমিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরীতে পুনবর্হালসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান বক্তারা।
শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, একদিকে করোনার থাবা অন্যদিকে মালিকদের থাবা এর মাঝখানে পড়ে শ্রমিকদের জীবন অতিষ্ঠ। ঈদের আগেই বেশ কিছু পোশাক কারখানায় শ্রমিকদের বেতন না দিয়ে ছাটাই করেছে। আবার ঈদের ছুটি শেষ হওয়ার পরও অব্যাহতভাবে শ্রমিক ছাটাইয়ে নেমেছেন মালিকরা। প্রতিদিনই বিভিন্ন কারখানা থেকে ১৫-২০ জন শ্রমিক ছাটাই করা হচ্ছে। এতে করে ঈদের পর এখন পর্যন্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় ৭ হাজার শ্রমিক ছাটাইয়ের শিকার হয়েছেন। অসুস্থততার অযুহাত ও করোনার অযুহাতসহ বিভিন্ন কারন দেখিয়ে এসব শ্রমিকদের ছাটাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলোর কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়া হলেও তাতে কোনো কাজ না হওয়ায় শ্রমিকদের নিয়ে মাববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমই) সভাপতি রুবানা হকের শ্রমিক ছাঁটাইয়ের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, রুবানা হকের ঘোষণার পর থেকেই গার্মেন্টসগুলোতে ছাটাই প্রক্রিয়া শুরু হয়েছে। এই মহামারীর সময় এমন একটি ঘোষণা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার পাশাপাশি শ্রমিক অসন্তোষ সৃষ্টি করতে পারে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুমাইয়া ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশসহ শ্রমিক নেতা ইসমাইল হোসেন, আনিসুর রহমান, মোর্শেদ আলী মারুফ, পারভিন আক্তার, দেলোয়ার হোসেন, সাইদুর রহমান, মানিক মিয়া, সাঈদ মিয়া, মিন্টু, শফিউল আলম, শিল্পী আক্তার প্রমুখ।
অন্যদিকে একই দাবিতে সকালে ১১টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ ভুক্তভোগী শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শ্রমিকেরা।