বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ‘স্মরণীয়’ ২০০৭ বিশ্বকাপে যে জার্সি পড়ে খেলেছিলেন, সেটি নিলামে তুলতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। শুক্রবার সামাজিক যোগযোগ মাধ্যমে আশরাফুল নিজেই এই সিদ্ধান্ত জানিয়েছেন।
বাংলাদেশ আর্ট উইক ভার্চুয়াল চ্যারিটি অকশনের মাধ্যমের আশরাফুলের ‘ঐতিহাসিক’ জার্সিটির নিলাম হবে ১৯ জুন। এদিন রাত ৮টায় শুরু হবে নিলাম।
জার্সিটি ঐতিহাসিক কারণ, এ জার্সি পড়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচজয়ী ৮৩ বলে ৮৭ রানের ইনিংসটি খেলেছিলেন আশরাফুল। পুরো আসরেই একটি জার্সিই ব্যবহার করেছিলেন দেশের সাবেক এই অধিনায়ক। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই ছিলেন নটআউট।
জার্সিটিতে ২০০৭ বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশ দলের সবার অটোগ্রাফও নিয়ে রেখেছিলেন আশরাফুল। ‘স্মরণীয়’ এই স্মারকটি নিলামে তুলে যে অর্থ আসবে তা খেলোয়াড়, শিল্পী, স্টাফ যারা করোনাকালে অসহায় সময় কাটাচ্ছেন; তাদের জন্য ব্যয় করা হবে।
নিজের ফেইসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় আশরাফুল বলেন, ‘বাংলাদেশ আর্ট উইক ভার্চুয়াল চ্যারিটি অকশনের এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করি আপনারা সবাই বিট করবেন। যত বেশি ফান্ড উঠবে ততই কিন্তু তাদের উপকার হবে। যারা একটু সমস্যায় আছে, আর্টিস্ট বলেন, খেলোয়াড় বলেন, মিউজিশিয়ান বা স্টাফ…। তাদের জন্যই এই চ্যারিটিটা করা হচ্ছে।’
আশরাফুলের জার্সিটির বিডিং শুরু হবে ন্যূনতম ২০ হাজার টাকা থেকে। অকশনে অংশ নিতে চাইলে ১৮ জুনের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে।
এর আগে আশরাফুল ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া ব্যাটটি নিলামে তোলার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তীতে দেশে কিছু নিলাম প্রক্রিয়ায় হ-য-ব-র-ল অবস্থা দেখে সিদ্ধান্ত পাল্টান।