করোনার ত্রাণ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঝালকাঠির আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি মো. কামরুজ্জামান লিটন নকীবের বিরুদ্ধে করোনাদুর্গতদের সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার জেলার কাঁঠালিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে ওই অভিযোগ তোলেন একই ইউনিয়ন আওয়ামী লীগের অন্য অংশের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি মানবিক সহায়তা, ত্রাণসামগ্রী, প্রধানমন্ত্রীর প্রণোদনার টাকা, জেলে ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি ও ভিজিএফসহ বিভিন্ন ত্রাণ বিতরণে চেয়ারম্যান নকীবের স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে স্থানীয় জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ৬ জুন জাঙ্গালিয়া এলাকায় চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করে এলাকার ত্রাণবঞ্চিতরা। দুর্নীতি ও অনিয়ম আড়াল করার জন্য চেয়ারম্যান নকীব তার দুদিন পর গত ৮ জুন ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করেন।

ওই সংবাদ সম্মেলনে চেয়ারম্যান নকীব তার বিরুদ্ধে বিষোদগার করেন উল্লেখ করে জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, ‘আমাকে জড়িয়ে মিথ্যা ও মনগড়া বক্তব্য দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেন তিনি। কিন্তু এতে চেয়ারম্যানের দুর্নীতি ঢাকা পড়বে না। চেয়ারম্যানের দুর্নীতি ও ত্রাণ বিতরণের সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নুরুল হক জমাদ্দার চাঁন, আওরাবুনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর হোসেন মাসুদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদ ও ইকবাল হোসেন বক্তব্য রাখেন। পরে কাঁঠালিয়া প্রেস ক্লাবের সামনের সড়কে জাহাঙ্গীর হোসেন মোল্লার নেতৃত্বে প্রতিবাদ সভা হয়।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিটন নকীব দেশ রূপান্তরকে বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীর মোল্লা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে হারিয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। তারপর থেকেই তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকেন। তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন তার সবই মিথ্যা। দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালনে আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হইনি।’