রিমোট কন্ট্রোল ভেন্টিলেটর

চিকিৎসকরা যেন নিরাপদ দূরত্বে থেকে করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯-এ আক্রান্তদের সেবা দিতে পারেন সেজন্য একদল পোলিশ বিজ্ঞানী রিমোট কন্ট্রোলের সাহায্যে চালানো সম্ভব এমন ভেন্টিলেটরের নকশা করেছেন।

এই ভেন্টিলেটরের নাম দেওয়া হয়েছে ‘রেসপিসেভ’। এই ভেন্টিলেটরের রিডিংগুলো ডাক্তাররা অ্যাপের সাহায্যে হাসপাতালের যেকোনো অংশ থেকে দেখতে পারবেন বলে নকশাকারীদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।

যদি কোনো কারণে ভেন্টিলেটরের সংযোগ খুলে যায়, কিংবা রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাহলে ডাক্তারদের কাছে সতর্কতা নোটিফিকেশন আসবে।

প্রকল্পটির উপদেষ্টা লুকাস সজারপাক বলেন, এই ভেন্টিলেটর ব্যবহার করলে ডাক্তারদের রোগীর সরাসরি সংস্পর্শে আসার হার কমবে। ডাক্তারসহ স্বাস্থ্যসেবা কর্মীরা, বিশেষ করে গুরুতর অবস্থার রোগীদের সেবা দেন, তারা নিজেরা অসুস্থ হওয়ার ঝুঁকিতে বেশি রয়েছেন। কারণ অনেকের কাছেই পর্যাপ্ত সুরক্ষা পোশাক বা উপকরণ নেই।

প্রকল্প সংশ্লিষ্টরা এই ভেন্টিলেটরের দাম কত হতে পারে তা নির্দিষ্ট করে না বললেও এটি প্রচলিত ভেন্টিলেটরের চেয়ে কম দামে পাওয়া যাবে বলে জানিয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যে প্রথম দিকে পোল্যান্ডের বাজারে মিলবে এই ভেন্টিলেটর। এরপর সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। করোনাভাইরাসের বিস্তারের পর সারা বিশ্বে ভেন্টিলেটরের চাহিদা বেড়ে গেছে।