চুয়াডাঙ্গায় গাছের ডাল চাপা পড়ে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে গাছের ডাল চাপা পড়ে ফারুক হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পাথিলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ফারুক উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের মাঝপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

ফারুকের ছোট ভাই হজরত আলী জানান, শুক্রবার সকালে ফারুক জ্বালানি কাঠের সড়কের পাশের একটি গাছে শুকনো ডাল কাটতে ওঠে। ডাল কাটার সময় ঝড়ে ভেঙে ঝুলে থাকা অন্য একটি বড় ডাল তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ফারুককে গাছ থেকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, গাছ থেকে শুকনো খড়ি পাড়তে গিয়ে অন্য একটি গাছের ডালের চাপায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।