বগুড়ায় একদিনে করোনায় ৩, উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন।

বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, এই হাসপাতালে শুক্রবার সকালে ভর্তি অবস্থায় কাহালু উপজেলার নাইম (১৪) নামে এক কিশোর, ওইদিন বিকেলে মমতাজুর রহমান (৭০), দিবাগত রাত পৌনে নয়টার দিকে হাসপাতালে আসার পথে বিজন কুমার নিয়োগী (৫২), নয়টায় রাব্বি রহমান(৪৫), রাত ১০টায় শামীম আহম্মেদ বুলু (৫৬) এবং শনিবার সকালে ইমরান নাজির (৩৬) ও হারুন অর রশিদ (৭২) মারা যান।

তিনি আরও জানান, মৃত ওই ৭ জনের মধ্যে মমতাজুর রহমান, বিজন কুমার নিয়োগী এবং হারুন অর রশিদের করোনা পজিটিভ ছিলো। অন্যরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। শামীম আহম্মেদ বুলু এখানে ভর্তি ছিলেন, মমতাজুর রহমানকে ঢাকায় নেয়ার পথে মারা গেছেন। বিজন কুমার নিয়োগী হাসপাতালে পৌঁছার আগেই মারা যান।

ডা. শফিক আমিন কাজল জানান, শুধুমাত্র মোহাম্মদ আলী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৬ জন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। এপর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্ত ১১৮৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন।