আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এক শোকবার্তায় স্পিকার মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মোহাম্মদ নাসিম শনিবার বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
রাজনৈতিক কারণে বহুবার কারাবরণকারী বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম ৬২ সিরাজগঞ্জ-১ আসন হতে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ নাসিমের বাবা জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় গঠিত সরকারের অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়া মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।