সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি একাই এগারো জনের সমান। তার উইকেট নেওয়া মানে পুরো ভারতীয় দলকে আউট করা। এমনটাই মনে করেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক।
৪৩ বছর বয়সী সাকলায়েন খেলা ছাড়ার পর কোচিংয়ের সঙ্গে জড়িয়েছেন। কাজ করেছেন বিভিন্ন দেশে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ড দলের স্পিন পরামর্শক হিসাবে যুক্ত ছিলেন। সেই সময় কোহলির উইকেট প্রসঙ্গে আদিল রশিদ, মইন আলিদের এভাবেই উদ্বুদ্ধ করতে চাইতেন সাকলায়েন।
সম্প্রতি এক ইন্সটাগ্রাম চ্যাটে যুক্ত হয়েছিলেন কিছু দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডে ‘হেড অফ ইন্টারন্যাশনাল প্লেয়ার ডেভেলপমেন্ট’ হিসেবে নিয়োগ পাওয়া সাকলায়েন।
বলেন, ‘কোহলি একজন ক্রিকেটার নয়, ও একাই এগারো জন। আমি ওদের (ইংলিশ স্পিনারদের) বলেছি, কোহলির উইকেট পাওয়া মানে ভারতের এগারো জনের উইকেট নেওয়া। ও একাই এগারো। ওকে এভাবেই দেখতে হবে।’
‘কোহলির বিরুদ্ধে বল করার সময় জেনে রাখতে হবে ও এমন একজন ক্রিকেটার যে সবসময় খেলার শীর্ষে থাকে। অফস্পিন হোক বা লেগস্পিন কোনো বলেই ওর অস্বাচ্ছন্দ্য নেই। পাশাপাশি এটাও ঠিক যে বোলার নয়, কোহলির ওপরেই চাপ বেশি থাকে। কারণ ও ব্যাটিং করার সময় বিশ্বের নজর থাকে ওর প্রতি।’
আদিল রশিদ ও মইন আলি, ইংল্যান্ডের এই দুই স্পিনার কোহলির বিরুদ্ধে বেশ সফলও। প্রত্যেকেই ৬ বার করে কোহলিকে শিকার বানিয়েছেন।
২০১৮ সালে হেডিংলিতে এক ওয়ানডেতে তো দুরন্ত ডেলিভারিতে কোহলিকে বোল্ড করেছিলেন রশিদ। সাকলায়েন সেই ডেলিভারির নাম দিয়েছেন ‘বিরাট-ওয়ালা ডেলিভারি।’ নেটে যা নিয়মিত অনুশীলন করতে উৎসাহও দিতেন রশিদকে।
সাকলায়েন সেই গল্প বললেন এভাবে, ‘ওটা ছিল ওয়াইড বল। প্রচুর ড্রিফট ছিল। সেখান থেকে অফস্টাম্পের বেল ফেলে দেয়। আমি নেটেও এই বলটা করতে বলতাম ওকে। নিজের আত্মাকে বলে মিশিয়ে দিলে তবেই এই বল করা যায়।’
‘কোহলি হল বিশ্বের এক নম্বর খেলোয়াড়। কিন্তু নিজের পরিকল্পনা, কল্পনা, অনুভূতি ও প্যাশন দিয়ে বল করলে তুমিও কম যাও না, সেটাই বলতাম ওদের।’