শেষ মুহূর্তে ডর্টমুন্ডকে উদ্ধার করলেন হালান্ড

ফরচুনা ডুসেলডর্ফের বিপক্ষে গোলের জন্য অগ্নিপরীক্ষাই দিতে হলো বরুশিয়া ডর্টমুন্ডকে। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে জাল খুঁজে পাচ্ছিল না দলটি। শেষ পর্যন্ত দলকে উদ্ধার করেন আর্লিং ব্রট হালান্ড। বদলি নেমে অন্তিম মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন নরওয়েজ তারকা।

শনিবার বুন্দেসলিগায় হালান্ড নৈপুণ্যে ফরচুনা ডুসেলডর্ফকে ১-০ গোলে হারায় ডর্টমুন্ড। হালান্ড গোলটি করেন ৯৫ মিনিটে। এর আগে ম্যাচের ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

বুন্দেসলিগায় চলতি আসরে দ্বিতীয়ার্ধে বদলি নেমে এ নিয়ে ৬ গোল হলো হালান্ডের। যা ২০১৪-১৬ মৌসুমে করা নিলস পিটারসনের সমান (বদলি নেমে ৬ গোল)। আর সব মিলে হালান্ডের এ মৌসুমে এটি ১১তম লিগ গোল। সেটিও মাত্র ১২ ম্যাচে।

এদিন ডর্টমুন্ড যদি হেরে বসতো, সে ক্ষেত্রে হয়তো লিগের শিরোপা নিশ্চিত হয়ে যেত বায়ার্ন মিউনিখের। ডর্টমুন্ড হারলে আর বরুশিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে বায়ার্ন জিতলেই তিন ম্যাচ হাতে থাকতে শিরোপা নিশ্চিত হতো বায়ার্নের। যারা এই রাউন্ডের আগে দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের চেয়ে এগিয়ে ছিল ৭ পয়েন্ট।

৩১ ম্যাচে এখন ৬৬ পয়েন্ট ডর্টমুন্ডের।