করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক ও ক্ষুদ্র আম ব্যবসায়ীদের আম ডাক বিভাগের উদ্যোগে বিনামূল্যে পরিবহন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। ঢাকা থেকে ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনামূল্যে আম পরিবহন কার্যক্রমের উদ্বোধন করেন ডাক, তার ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, কৃষি, আম গবেষণা কেন্দ্রসহ ডাক বিভাগের কর্মকর্তা ও আমচাষিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, করোনাকালে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের বিশেষ উদ্যোগ ‘কৃষকবন্ধু ডাক সেবা’ কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের উৎপাদিত পণ্য বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আমচাষিদের আম বিনামূল্যে পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী দিনে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের মাধ্যমে ৫ মেট্রিক টন আম ঢাকায় নিয়ে যাওয়া হয়।