করোনা দুর্যোগের এই স্থবিরতায় ফ্যাশন-মডেলিং ইন্ডাস্ট্রির চাকা সচল রাখতে প্রযুক্তি ব্যবহার করে আজরা মাহমুদের উদ্যোগে ‘ভার্চুয়াল ফটোশুট’ সিরিজের আয়োজন করেছিল ফ্যাশন ম্যাগাজিন ‘ক্যানভাস’। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে ‘ক্যানভাস ফ্যাশনোভেশন বাই আজরা মাহমুদ’ এর ‘ফ্যাশন ফিল্ম সিরিজ’। ৭ জুন থেকে ফ্যাশন ফিল্ম সিরিজটি ক্যানভাসের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেইজে শুরু হয়েছে।
গতবারের মতো এবারও যেদিন যে টিমের ফ্যাশন ফিল্ম পোস্ট হচ্ছে, সেদিন সেই টিমের সঙ্গেই তাদের অভিজ্ঞতা প্রসঙ্গে লাইভ আলোচনা করা হচ্ছে। থাকছেন বিশেষ অতিথিও। লাইভ দেখতে চোখ রাখুন ক্যানভাস ফেসবুক পেইজে; প্রতিদিন রাত ১০টায়। বরাবরের মতোই এই সিরিজটি তৈরি হচ্ছে আজরা মাহমুদের উদ্যোগে। আয়োজনে আছে ক্যানভাস ম্যাগাজিন।
এবারের সিরিজ প্রসঙ্গে ক্যানভাসের এক্সিকিউটিভ এডিটর নুজহাত খান বলেন, ‘ফ্যাশন মডেলিং ইন্ডাস্ট্রি এবং এর সংশ্লিষ্ট সবাইকে সচল রাখার যেই ভাবনা থেকে এই ক্যানভাস ফ্যাশনোভেশন-এর শুরু তা স্বল্প আকারে হলেও সফল। ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠিত দৈনিকও এখন তাদের লাইফস্টাইল পাতার জন্য ভার্চুয়াল ফটোশুটের কথা ভাবছে। এটা আমাদের এই উদ্যোগের অনেক বড় পাওয়া আমি মনে করি। ভার্চুয়াল ফটোশুট সিরিজটি তুলনামূলকভাবে সহজ ছিল; কারণ, একজন মডেলকে দেখে কিছু ছবি রেডি করা হচ্ছে; ক্যামেরা এক জায়গায় ফিক্সড রেখে একেকটি শুট সম্পন্ন করা গেছে। কিন্তু ফ্যাশন ফিল্মের ক্ষেত্রে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। এখানে ক্যামেরা স্টেডি মুভমেন্টের একটা কৌশল ছিল এবং পাঁচ জায়গায় পাঁচজনের ভিডিও ক্লিপ জোড়া দিয়ে এক দেখানোর একটা প্রচেষ্টা ছিল। এবারের ফ্যাশন ফিল্ম সিরিজের লাইভ সেশনে আমরা কোর টিমের সঙ্গে যুক্ত করেছি তাদের ডিজাইনার, একটি ফ্যাশন ব্র্যান্ডের মার্কেটিং/ সেলস টিম থেকে একজন এবং একজন ফ্যাশন জার্নালিস্ট। এতে করে আমরা আরও কমপ্লিট একটা ৩৬০ ফিডব্যাক পাচ্ছি আমাদের এই উদ্যোগের এবং বর্তমান পরিস্থিতিতে প্রয়োগের বিভিন্ন উপায়, সুযোগ, সুবিধা ও অসুবিধাও। আমার বিশ্বাস আলোচনার মাধ্যমেই আসবে সমাধান, আমরাও আমাদের দিক থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বাকিদের পজিটিভ রেসপন্স আমাদের আরও উদ্যমী করে তুলেছে। এই সময়ের মোকাবিলা আসলে সবাই মিলেই করতে হবে এবং সবাই মিলেই এগিয়ে চলতে হবে।’
তিনি আরও বলেন, ‘যদি আমাদের কনজুমার বিহেভিওর চেঞ্জ করে তাদের ভার্চুয়াল শপিংয়ের দিকে আগ্রহী করতে হয় সেই ক্ষেত্রে ফ্যাশন ফিল্ম বেশ প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে মনে করি। একটা কাপড়ের লুক এবং ফিল ছবির চেয়ে অনেক বেশি স্পষ্ট হয় ভিডিওতে। পাঠকের কাছে অনুরোধ একটাই- যেভাবে সাদরে আমাদের এই উদ্যোগ গ্রহণ করেছেন সেভাবেই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং সকল ইন্ডাস্ট্রিকেই উৎসাহিত করুন। দেশি পোশাক ও দেশি পণ্য কেনা এবং ব্যবহারের অভ্যাস করে। আমাদের জানান আপনাদের মতামত এবং পছন্দ অপছন্দ। আমার বিশ্বাস আমাদের দেশি ডিজাইনার্স এবং ফ্যাশন হাউসগুলো তাদের সর্বাত্মক চেষ্টা করে আপনাদের সন্তুষ্ট করবে।’
এই সিরিজে দেশের প্রসিদ্ধ ফ্যাশন ডিরেক্টর এবং কোরিওগ্রাফারের ডিরেকশনে মডেলদের দেখা যাবে দেশি ফ্যাশন হাউসের পোশাকে।