জাদেজা-রাহুলসহ পাঁচ ভারতীয় ক্রিকেটারকে ডোপ বিরোধী সংস্থার নোটিশ

একসঙ্গে পাঁচ জন ভারতীয় ক্রিকেটারকে নোটিশ পাঠাল দেশটির ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (এনএডিএ)। এই পাঁচ ক্রিকেটারের মধ্যে পুরুষ জাতীয় দলের তিন জন। তারা হলেন- রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা ও লোকেশ রাহুল।

এ ছাড়া ভারতীয় নারী ক্রিকেট দলের দুই তারকা স্মৃতি মান্ধনা ও দীপ্তি শর্মাও রয়েছেন এই তালিকায়।

জাতীয় ডোপ বিরোধী সংস্থার কাছে নিজেদের অবস্থান জানাননি এই পাঁচ ক্রিকেটার। আর এ কারণেই নোটিশ পেতে হয়েছে।

তবে এ ক্ষেত্রে দায়টা গিয়ে পড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর। কেননা, ক্রিকেটারদের হয়ে এই কাজ করার কথা জাতীয় ক্রিকেট সংস্থার।

বিসিসিআই অবশ্য পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যার জন্য এনএডিএ’র শর্তপূরণ করতে পারেনি বলে জানিয়েছে। তারা আরো জানায়, আপাতত সমস্যা মিটে গিয়েছে।

দেশের সব খেলোয়াড়কেই এনএডিএ’র কাছে নিজেদের গতিবিধি জানাতে হয়। খেলোয়াড়রা নিজেরাই এই কাজ করতে পারেন। তবে সময়ের অভাব, নির্দিষ্ট সময়সীমা মনে রাখতে না পারা অথবা ফর্ম পূরণের মতো শিক্ষাগত যোগ্যতা সব অ্যাথলিটদের না থাকার জন্য সংশ্লিষ্ট খেলোয়াড়ের অ্যাসোসিয়েশন তাদের হয়ে এই কাজ করতে পারে।

এ ক্ষেত্রে ক্রিকেটারদের হয়ে বিসিসিআইয়ের ফর্ম পূরণ করার করার কথা ছিল। যা তারা নির্দিষ্ট সময়ে করতে ব্যর্থ হয়েছে।

বোর্ডের ভুলের জন্য ক্রিকেটারদের সমস্যায় পড়তে হয় কিনা, সেটা এখনই বলা মুশকিল। কেননা তিনবার এই ভুলের জন্য নিয়ম ভঙ্গের দায়ে দু’বছর পর্যন্ত নির্বাসিত হতে পারেন খেলোয়াড়রা।

এনএডিএ’র পক্ষে ডিজি নবীন আগরওয়াল জানিয়েছেন, বিসিসিআই যে কারণ দেখিয়েছে, তা নিয়ে আলোচনা হবে পরবর্তী বৈঠকে। তখনই ঠিক করা হবে এই ভুল তিনবার ব্যর্থ হওয়ার মধ্যে ধরা হবে কিনা।