নেত্রকোনার মদন ও ময়মনসিংহের ভালুকায় স্বামীর বাড়ি ও নদী থেকে গৃহবধূ এবং অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক পুরুষের লাশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
নেত্রকোনা : শ্বশুরবাড়ি থেকে শহিনুর আক্তার পান্না (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এ ঘটনায় মৃত গৃহবধূর স্বামী বিজিবির সদস্য ওমর সানী লিংকনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গতকাল রবিবার সকালে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের পশ্চিমপাড়ায় গৃহবধূর লাশ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় মদন থানা পুলিশ। আটক বিজিবি সদস্য ওমর সানী লিংকন গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাবের ছেলে।
মির্জাপুর (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী ডুবাইল এলাকা থেকে ফেলে যাওয়া অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গতকাল বিকেলে উপজেলার খারুয়ালী এলাকায় খীরু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।