পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে আফরোজা বেগম (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকা ও জালাল গাজী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার রাতে জালাল গাজী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আফরোজা বেগম নিজ বাড়িতে মারা যান।

কভিড-১৯ প্রটোকলে তাদের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এছাড়া তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে।

জেলায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, নার্স ও পুলিশসহ নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৪ জন। 

এদিকে দিন দিন করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় পটুয়াখালী পৌরসভার  ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসিবে চিহ্নিত করে লকডাউন করার সুপারিশ করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।

এছাড়া গতকাল সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্রি এলাকা রেড জোন হিসেবে উল্লেখ করে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।