ট্রেন থেকে আরও ৮ হাজার বেডের ‘হাসপাতাল’ বানাচ্ছে ভারত

দিল্লিতে করোনা রোগী  দিনকে দিন বাড়তে থাকায় আবার ট্রেনকে হাসপাতালে পরিণত করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এবার ৫০০ বোগির যাত্রী সুবিধাকে ৮ হাজার বেডের হাসপাতালে রূপান্তর করা হচ্ছে।

দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকের পর জানান, শহরের নার্সিংহোমগুলোকে করোনা রোগীর চিকিৎসায় ব্যবহার করতে চান তারা।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, কভিড-১৯ রোগে ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার ৮ জন, মৃত্যু ৯ হাজার ৫২০ জনের।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর পর দিল্লির অবস্থাই সবচেয়ে বেশি খারাপ।

শহরটির সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে কভিড-১৯ রোগীদের জন্য ৯ হাজার ৬৯৮ বেডের সুবিধা রয়েছে। কিন্তু শহরটিতে আক্রান্তই ৩০ হাজারের উপরে।

ভারতে এর আগে ২০ হাজার পুরোনো বগিকে করোনা আক্রান্তদের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়।

ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহৎ রেল সংযোগ পরিচালক এবং দেশটির সবচেয়ে বড় চাকরিদাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ভারতজুড়ে ১২৫টি নিজস্ব হাসপাতাল পরিচালনা করে। তাই ভ্রাম্যমাণ হাসপাতাল শয্যা পরিচালনার সক্ষমতা তাদের আছে।