সদ্যই শেষ হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। আজ মঙ্গলবার (১১ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে চলছে ভোট গণনা। আর এমন দিনেই লোডশেডিংয়ের কবলে পড়ল রাজ্যের নির্বাচন কমিশন দপ্তর।
এদিন বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে শুরু হয় লোডশেডিং। ফলে বিভিন্ন জেলা থেকে গণনা সম্পর্কিত যে সব তথ্য আসছিল, তা থমকে যায়। সব মিলিয়ে ১৫ মিনিট অন্ধকারে ছিল কমিশন। কিন্তু কী কারণে আচমকা লোডশেডিং হল, তা এখনও জানা যায়নি।
এর আগে শনিবার পঞ্চায়েতের ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে বেশ কয়েকটি বুথে সংঘর্ষ হয়। প্রাণহানির ঘটনাও ঘটে। পরে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় ৬৯৬টি বুথে।
কমিশন জানায়, আজ ৩৩৯টি কেন্দ্রে ভোট গণনা চলছে। হাতেগোনা কয়েকটি বুথে গণনা শুরু হতে দেরি হয়েছে। এজন্য নেওয়া হয়েছে যথাযথ পদক্ষেপও। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা রয়েছে গণনা বুথে।
এদিন সকালে রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কমিশনার রাজীব। তিনি জানান, ভোটে রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে সংঘর্ষ হয়েছে। কিন্তু প্রতি ক্ষেত্রেই কড়া ব্যবস্থা নিয়েছে কমিশন।
সূত্র: এবিপি