হিলিতে করোনা সংক্রমণ রোধে নো মাস্ক নো এন্ট্রি কর্মসূচি

দিনাজপুরে হাকিমপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রামন রোধে ‘নো মাস্ক নো এন্ট্রি’ কর্মসূচি চালু করেছে হিলি পৌরসভা কর্তৃপক্ষ।

শুধুমাত্র মাস্ক পরিহিত ব্যক্তিদেরকে পৌরসভা ও পৌর এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে, যাদের মাস্ক নেই তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

সোমবার সকাল সাড়ে ১০টাথেকে পৌরমেয়র জামিল হোসেন চলন্ত কাউন্সিলর ও স্টাফদের নিয়ে পৌরসভার সামনের সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন।

পর্যায়ক্রমে পৌরসভার সকল প্রবেশপথে এই কার্যক্রম পরিচালনা করা হবে। এসময় সেখানে প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, কাউন্সিলর ইসরাইল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় তারা ওই সড়কে চলাচলরত সকল ধরনের যানবাহন চালক ও যাত্রীদেরকে মাস্ক ব্যবহারের জন্য বলা হচ্ছে ও সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য নাগরিকদের বলা হচ্ছে।

হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন বলেন, ইতোমধ্যেই দিনাজপুর জেলায় করোনা সংক্রমণের হার বাড়ার কারণে রেড জোনের মধ্যে পড়েছে। সে তুলনায় হিলি অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। সেই অবস্থা ধরে রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্ভুদ্ধ করা হচ্ছে। জনগণকে মাস্ক ব্যাতিরেকে পৌরসভার অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর পরবর্তীতে এ সম্পর্কিত যে আইন রয়েছে সেটি প্রয়োগ ও ফাইনের ব্যবস্থা করা হবে। সেই সাথে নিজেকে, এলাকাকে ও দেশকে সুস্থ্ রাখতে আমাদের এই কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে সকলেই যেন চলাচল করে এজন্য আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।