সাবেক মেয়র কামরানের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘জনাব কামরানের মৃত্যুতে সিলেট আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। সিলেটের উন্নয়ন ও জনগণের কল্যাণে কামরানের অবদান সিলেটবাসীর কাছে সব সময় স্মরণ হয়ে থাকবে। তার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক নেতাকে হারালাম।’

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সোমবার ভোররাত ৩টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরান। গত ৫ জুন নমুনা পরীক্ষায় ৬৯ বছর বয়সী কামরানের করোনা সংক্রমণ ধরা পড়ে। এর আগে ২৭ মে তার স্ত্রী আসমা কামরানও কভিড-১৯ আক্রান্ত হন।

শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জুন কামরানকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।

সিলেট সিটির প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরান দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেন।