বাংলাদেশসহ তিন দেশের বোলিংয়ের মান নিয়ে প্রশ্ন গম্ভীরের

মহেন্দ্রে সিং ধোনির প্রশংসা করতে গিয়ে বাংলাদেশসহ তিন দেশের বোলিংয়ের মান নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

তিন নম্বরে ব্যাটিং করলে ধোনি ক্রিকেটের অনেক রেকর্ড ভেঙে দিতেন বলে বিশ্বাস গম্ভীরের। বিরাট কোহলির সঙ্গে ধোনির তুলনা টানতে দিয়ে এই কথা বলেন সাবেক বাঁ-হাতি ওপেনার।

প্রসঙ্গক্রমে বর্তমান সময়ের বোলিংয়ের মানের কথাও টানেন গম্ভীর। উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের মান নিয়ে সংশয় প্রকাশই করেছেন এই তারকা।

স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্টেড’ অনুষ্ঠানে গম্ভীরের কাছে একটি প্রশ্ন ছিল এমন- ‘রান তাড়ার ক্ষেত্রে বিরাট কোহলি ও ধোনির মধ্যে কাকে বেছে নেবেন?’

গম্ভীর উত্তর দিতে গিয়ে বলেন, ‘দুজনের তুলনা করা খুব কঠিন। কারণ, একজন তিন নম্বরে ব্যাট করেন, অন্যজন ছয় অথবা সাত নম্বরে। আমি সম্ভবত ধোনিকে বেছে নিতাম।’

‘ফ্ল্যাট উইকেটে যদি ধোনি তিনে ব্যাট করত। বিশ্ব ক্রিকেটে এখন যে মানের বোলিং আক্রমণ…। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে যে মান, ধোনি সম্ভবত বেশিরভাগ রেকর্ডই ভেঙে দিত।’

ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতা গম্ভীর ধোনিকে প্রশংসায় ভাসিয়ে আরো বলেন, ‘বিশ্ব ক্রিকেট সম্ভবত একটা জিনিস মিস করেছে। সেটা হলো ধোনি তিন নম্বরে ব্যাট করেনি। যদি সে ভারতের অধিনায়কত্ব না করত এবং তিন নম্বরে ব্যাট করত, তাহলে হয়তো পুরো বিশ্ব ক্রিকেট ভিন্ন এক খেলোয়াড়কে দেখত। সম্ভবত সে আরও অনেক রান করতে পারত, অনেক রেকর্ড ভাঙতে পারত।’