কাশ্মীরে পাঁচ মাসে ভারতীয় বাহিনীর হাতে ৭৮ স্বাধীনতাকামী নিহত

কাশ্মীরের বিশেষ মর্যাদা রদে ভারত দাবি করেছিল, অঞ্চলটিতে 'সন্ত্রাসী কর্মকান্ড' নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে গত পাঁচ মাসের পরিস্থিতি বলছে, কাশ্মীরে দুই পক্ষের মধ্যে উত্তেজনায় খুব বেশি পরিবর্তন আসেনি।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কাশ্মীরে ভারতীয় বাহিনীর হাতে অন্তত ৭৮ জন 'বিচ্ছিন্নতাবাদী' নিহত হয়েছে।

২০১৯ সালে একই সময় ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটিতে ১০১ জন স্বাধীনতাকামীকে হত্যা করেছিল। এ বছর সেটি কমে এসে দাঁড়ায় ৭৮ জনে। একই সময়ে আগের বছরে সংঘর্ষের ঘটনা ঘটে ২২৩টি, যেটি চলতি বছরে ৭৮টি।

স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মধ্যে স্থানীয়দের যোগদান বৃদ্ধি সেইসঙ্গে ভারতীয় বাহিনীর হাতে তাদের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। 

ভারতীয় এক কর্মকর্তার মতে, ৩৭০ ধারা বাতিলের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে সুসংগত কৌশল গ্রহণ প্রয়োজন, এভাবে স্বাধীনতাকামীদের হত্যা করে কখনো কাশ্মীরি জনগণের ওপর জয়লাভ করা যাবে না।

তবে জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানান, এই বছর 'সন্ত্রাসী গোষ্ঠীগুলোর' মধ্যে কাশ্মীরিদের যুক্ত হওয়ার সংখ্যা রেকর্ড সংখ্যক কমে এসেছে। পরিবারগুলোর সঙ্গে পুলিশের যোগাযোগের ফলে তাদেরকে 'সন্ত্রাসবাদ' থেকে দূরে রাখা সম্ভব হয়েছে।