বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে জেমি ডে যে আরো দুই বছর থাকছেন, এটি নিশ্চিত ছিল আগেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ইংলিশ কোচ জেমি, দুই পক্ষই গত মাসে মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত করে রাখে। এবার বাকি আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো।
জেমির সঙ্গে বাফুফের নতুন চুক্তি কার্যকর হবে ১৬ আগস্ট থেকে। ২০২২ সালের ১৬ আগস্ট শেষ হবে মেয়াদ। বাফুফে ও জেমি ডে দুই পক্ষই সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
জেমি প্রথম দফায় বাংলাদেশ দলের দায়িত্ব নেন ২০১৮ সালের ১৭ মে। গত বছর সেই চুক্তি আরো এক বছরের জন্য নবায়ন করা হয়। যা শেষ হয় ১৫ মে।
১৬ আগস্ট থেকে ফের জেমির সঙ্গে চুক্তি শুরু হবে। সেই হিসেবে গত ১৬ মে থেকে ১৫ আগস্ট, এই তিন মাস বাফুফের সঙ্গে এক অর্থে ছাড়াছাড়ি জেমির। তবে ইংলিশ কোচ করোনা লকডাউনের মাঝে বাংলাদেশের ফুটবলারদের নিয়ে অনলাইনে কাজ করে যাচ্ছেন। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য নিয়মিত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
জেমি ডের পারফরম্যান্সে আসলে বেশ খুশিই ছিল বাফুফে। তাই দুই পক্ষের সম্পর্ক টিকছে আরো বেশ কিছু দিন। বাংলাদেশ দলে জেমি অধ্যায়ও বড় হচ্ছে তাতে।
জেমি দায়িত্ব নেওয়ার পর জাতীয় দল যে ১৯ ম্যাচ খেলেছে, তার মধ্যে জয় ৮ টিতে। হার ৯টি, অন্য দুই ম্যাচ ড্র হয়। জেমির অধীনেই অলিম্পিক দল ২০১৮ এশিয়ান গেমসে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে খেলে।
তবে আছে বড় ব্যর্থতাও। ঘরের মাঠে ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। গত বছর শেষে দিকে এসএ গেমসে পারেনি পদকের খরা ঘোচাতে।