বিশ্বজুড়ে করোনাভাইরাসের সার্বিক যে পরিস্থিতি হাতে অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন অবাস্তব বলছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সংস্থাটির চেয়ারম্যান আর্ল এডিংস বলেছেন, নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন খুবই কঠিন।
সূচি অনুযায়ী, এ বছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান দাবি করেন, করোনাভাইরাসের জন্য বেশিরভাগ দেশের আন্তর্জাতিক সীমা যখন বন্ধ বা ফ্লাইট সীমাবদ্ধ রাখা হয়েছে, তখন বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করার সম্ভাবনা নিতান্তই কম।
সংবাদ মাধ্যমকে এডিংস বলেন, ‘বলছি না এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করা হল বা পিছিয়ে দেওয়া হল। তবে সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে, যখন বেশিরভাগ দেশ করোনাভাইরাস নিয়ে জর্জরিত, আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন এই মুহূর্তে কার্যত অবাস্তব।’
এডিংস আরো জানিয়েছেন, তারা আইসিসিকে সব রকম সম্ভাবনা প্রসঙ্গে অবগত করেছেন। আশা করছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা দ্রুত বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেবে।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ইঙ্গিত খুশি করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কারণ বিশ্বকাপ স্থগিত হলে সেই সময়ে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই।